ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন, থাকছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা

ads

রাজবাড়ীর গোয়ালন্দে বাংলা নববর্ষ-১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে নানা আয়োজনের মধ্য দিয়ে  বৈশাখের প্রথম দিন "কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবেন সাথে সাথে" এ স্লোগানে কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ুসহিষ্ণু, টেকসই কৃষি ব্যবস্থা প্রবর্তন ও কৃষকদের আর্থ-সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নের জন্য সরকার কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। এ কার্যক্রমের সূচনায় ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। সেইসাথে একযোগে দেশের ১০ টি জেলার পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠিত হবে।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপঁচা ব্লকের ৯২৫ কৃষকের মধ্যে আগামীকাল ১১৫ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে। 


এসময় রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ্ আফরোজা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী- ১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী- ২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশিদ প্রমুখ।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষক কার্ড বিতরণ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণে টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ সরাসরি লাইভ সম্প্রচার করা হবে এবং সকাল সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ দেবেন। পরবর্তীতে বেলা ১১ টা ৫০ মিনিটে গোয়ালন্দ উপজেলা প্রাঙ্গণে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ, বেলা ১২ টায় দুইজন উপকারভোগী কৃষক ও কৃষাণির অনুভূতি প্রকাশ। 


পর্যায়ক্রমে অতিথির বক্তব্যে কথা বলবেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিশেষ অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশিদ, রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।


এদিন আরও উপস্থিত থাকবেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার সহ জেলা ও উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।


এদিকে গোয়ালন্দে বাংলা নববর্ষ-১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে নানা আয়োজন হাতে নিয়েছে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ। পহেলা বৈশাখ উপলক্ষে গোয়ালন্দ পহেলা বৈশাখ উদযাপন পর্ষদ গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে সকাল সাড়ে ৮ টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে দিনব্যাপী সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করেছে। দেবগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে দেবগ্রাম ইউনিয়ন পরিষদের পেছনে মাঠে চলবে ৩ দিন ব্যাপী বৈশাখী মেলা। এছাড়া গোয়ালন্দ পৌর ৩ নং ওয়ার্ড কুমড়াকান্দি হযরত শাহ্ টেনু ফকিরের মাজার বাড়ীর আঙ্গিনায় ১৫৪ তম ফকিরী তত্ত্ব সংলাপ বার্ষিকী (ওরশ মোবারক) উপলক্ষে ৪ দিন ব্যাপী ফকিরী মেলা এবং ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ এলাকার কেউটিল গ্রামে দিনব্যাপী চলবে চরক মেলা।

ads
ads
ads

Our Facebook Page